গোপালগঞ্জ সদর থানায় সেনাবাহিনীর করা মামলার আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত একজন ও তিন জন অজ্ঞাত আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেনাবাহিনীর করা মামলায় এই পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করা হলো।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) চার জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অবস্থিত ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের কমান্ডার সৈয়দ ফজলুর রহমান।
চার আসামিকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের এজাহারভুক্ত আসামি রাকিব হোসেন (৬৩), বোয়ালিয়া গ্রামের অজ্ঞাত আসামি লিমন শেখ (২৬), একই গ্রামের মেহেদী হাসান শেখ (১৮) ও ঘটনাস্থল গোপীনাথপুর গ্রামের আশরাফুল হক (৩৫)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, গ্রেফতার চার আসামিকে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে গোপালগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জের গোপীনাথপুরে ঢাকা খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ। বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটায়।
এই হামলার ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় ১০৬ জনের নাম উল্লেখ ও তিন হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে গত ২২ আগস্ট একটি মামলা করেন গোপালগঞ্জে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মাকসুদুল আলম। বর্তমানে গোপীনাথপুর ও এর আশপাশের এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে বলে জানান এলাকাবাসী।









