গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক (নুর) বলেছেন, ‘ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র-জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে পতন হলো, তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব কোনও রাজনৈতিক দলের নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচারের পতন হয়েছে। এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজি বাজারসহ সারা দেশ যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। তাদের জায়গা এখানে হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।’
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বাজার বাসস্ট্যান্ডে গণ-অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। পটুয়াখালী শহীদ মিনারে আজ বিকাল তিনটায় ‘রাষ্ট্র সংস্কার শীর্ষক’ সমাবেশে ঢাকা থেকে যাওয়ার পথে ভাঙ্গায় এ পথসভা করেন তিনি।
নুরুল হক বলেন, ‘বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্ত-বিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।’
তিনি বলেন, ‘যদি কেউ মনে করেন আওয়ামী লীগ শেষ, আমরা বড় দল, আমরা চালাবো। এক স্বৈরাচারকে হটিয়েছি, আর যেন কোনও স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।’
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে নুরুল হক বলেন, ‘জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পান, হাসপাতালে গিয়ে চিকিৎসা পান, সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। জনগণই সব ক্ষমতার উৎস।’
এ সময় ভাঙ্গা উপজেলা গণ-অধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমান, ফরিদপুর জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।









