গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর অতীত আমলনামা খুব একটা ভালো না। যে লংকায় যায় সেই রাবণ হয়। সেই চিত্র আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি, এক ফ্যাসিবাদ গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরি হওয়ার প্রক্রিয়া চলছে। কারণ বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকেরা চাঁদা নিতো, দখল, নিয়ন্ত্রণ করতো, সেখানে এখন কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা একই কাজ শুরু করে দিয়েছে।’
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোল চত্বর বাস স্ট্যান্ড এলাকায় মাদারীপুর জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিয়েও নির্বাচন করতে পারে। পুরোনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা, কর্ম পদ্ধতি আমরা দেখেছি। যেই লাউ, সেই কদু। কাজেই আমরা চাই না যেই লাউ সেই কদু হোক। হাজার হাজার মানুষ আন্দোলনে জীবন দিয়েছে। তাই আমরা টেকসই গণতন্ত্র চাই। ভোটের অধিকার চাই, নাগরিকদের নাগরিক অধিকার চাই। আমরা কোনও স্বৈরাচার ফ্যাসিবাদ চাই না।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের একটি পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। তাই তারা প্রথমেই ক্ষমতায় এসে পিলখানার কথিত বিডিআর বিদ্রোহের নামে এই দেশের দক্ষ, মেধাবী সামরিক অফিসারদের হত্যা করেছে। ইসলাম নির্মূল করতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সভায় গণহত্যা চালিয়েছিল।’
গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ‘হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারে দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল যে পরে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা, গুম, খুন করে তারা একদলীয় শাসন কায়েম করেছিল।’
এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয়, মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা ও শিবচর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









