বিষাক্ত অ্যালকোহল পানে ফরিদপুরে দুই কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতের পর ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
তারা হলেন- সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিথা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন- একই কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।
তাদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা।
তাদের বাসায় চাকরিজীবী নারী বিথি সাহা জানান, ক্রমশ অবস্থার অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান।
কোতোয়ালি থানার ওসি আসাদ উজ্জামান বলেন, সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়, অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে। পূজা ও রত্না শুক্রবার সন্ধ্যায় পূজা দেখতে বের হন। রাত ১০টার পরে তারা বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও বলেন, এ সময় তাদের বিথি তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইজনের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে।








