স্বামীকে বিবাহবিচ্ছেদের হুমকি দেওয়ায় আবাসিক হোটেলে নিয়ে স্ত্রী রুখসানা বেগমকে (৩৬) জবাই করে হত্যা করে পালিয়ে যায় স্বামী রুবেল। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার মিরপুরের মাজার রোড এলাকা থেকে ঘাতক স্বামী রুবেলকে গ্রেফতার করে র্যাব।
এর আগে, সোমবার পুলিশ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেলের ৫২৬ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় স্বাস্থ্যকর্মী রুখসানা বেগমের লাশ উদ্ধার করে। গ্রেফতার রুবেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার লাল মিয়ার ছেলে।
নিহত রুখসানা বেগম ঢাকার সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্যকর্মীর চাকরি করতেন।
র্যাবের পক্ষ থেকে সদর থানা পুলিশের কাছে রুবেলকে হস্তান্তর করা হয়েছে। নিহত রুখসানার ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, নিহত রুখসানা বেগমের স্বামী রুবেল মিয়া বেকার থাকার কারণে পারিবারিক কলহের সৃষ্টি হয় এবং স্বামী রুবেল কোনও কাজ না করলে বিবাহবিচ্ছেদের হুমকি দেয় রুকসানা বেগম। এতে করে রুবেল মিয়া ক্ষুব্ধ হয়। তারপর রুবেল তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এবং গত রবিবার মধ্যরাতে মানিকগঞ্জে আসেন। এরপর রাত হওয়ার অজুহাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রংধনু আবাসিক হোটেলে ৫২৬ নম্বর রুম ভাড়া নেয়। পরে হোটেলের রুমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর স্ত্রী রুখসানা বেগম ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র (চাকু) জবাই করে হত্যা করে ভোররাতে পালিয়ে যায় রুবেল মিয়া। এরপর সোমবার দুপুরে হোটেলের ম্যানেজার রুমের ভেতরে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
র্যাব-৪-এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য র্যাব-৪-এর একটি দল কাজ শুরু করে। এরপর হোটেলের সিসিটিভির ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আটকের পর রুবেল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলেও র্যাবের এই কর্মকর্তা জানান।
আরও পড়ুন:
রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, দুপুরে মিললো তরুণীর গলাকাটা লাশ









