গাজীপুরের শ্রীপুরের মধ্য বাজারে লেপ-তোশকের একটি দোকানে আগুন লেগেছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে লেপ-তোশকের দোকানে তুলা রাখার ঘর থেকে হঠাৎ করে ধোঁয়া বের হয়। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই দোকানের পাশাপাশি পাশের ভাঙারি দোকানের কিছু অংশ পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।’









