মানিকগঞ্জের দৌলতপুরে ডাক্তারের অবহেলায় মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলার মুক্তিযোদ্ধারা। বিক্ষোভ শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
রবিবার দুপুরে দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মানববন্ধন করে। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম, চরকাটারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা কর্তব্যে অবহেলার অভিযোগ এনে অবিলম্বে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মীর আরিফুর রহমানের শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত,গত ১০ মার্চ রাতে দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল কাদেরের স্ত্রী আনোয়ারা কাদের অসুস্থ হয়ে পড়েন। এসময় রোগীর স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামের শরনাপন্ন হন। কিন্তু তারা ডাক্তারের কাছ থেকে কোনও সহযোগিতা না পাওয়ায় রাতেই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
/জেবি/








