নারায়ণগঞ্জের সাত খুনের মামলার বাদী পক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানকে ‘গুলি করে হত্যার’ হুমকি দেওয়ার হয়েছে বলে অভিযোগ করা হয়েছেন। ওই মামলার বিবাদী পক্ষের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ অভিযোগ এনে সাখাওয়াত হোসেন জেলা আইনজীবী সমিতির কাছে প্রতিকার চেয়ে লিখিত আবেদনের করেন। বিকেলের দিকে এই অভিযোগ অস্বীকার করে এটাকে ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ উল্লেখ করে উল্টো প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেছেন খোকন সাহা।
লিখিত অভিযোগে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উল্লেখ করেন, মঙ্গলবার একটি মামলা পরিচালনার জন্য নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালত ঘ অঞ্চলে সকাল সোয়া ১০টার দিকে উপস্থিত হলে খোকন সাহা তাকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। খোকন সাহা আমাকে বলেন ‘বেশি বেড়ে গেছো গুলি করে তোকে হত্যা করব। তুই নারায়ণগঞ্জে থাকতে পারিব না। ৭ হত্যা মামলায় থাকতে পারবি না। তোর মত লোক মেরে ফেললে আমার কিছুই হবে না।’
অন্যদিকে খোকন সাহা বিকেলে আইনজীবী সমিতির কাছে পাল্টা একটি অভিযোগে বলেন,‘আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সেক্রেটারি হতে এবং ম্যাডাম খালেদা জিয়ার প্রিয় পাত্র হওয়ার জন্য আমার বিরুদ্ধে মানহানীকর অভিযোগ দায়ের করেন। তার দাখিল করা দরখাস্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করা হোক। আমি যদি অপরাধী হই তাহলে আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। আর সাখাওয়াতের বক্তব্য মিথ্যা হলে তার বিরুদ্ধে মিথ্যা দরখাস্ত দাখিলের অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রার্থনা করছি।
এখানে উল্লেখ্য যে,সাত খুনের সাক্ষ্য গ্রহণ নিয়ে প্রায়ই আদালতের ভেতরে খোকান সাহার সঙ্গে সাখাওয়াতের তুমুল বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
/জেবি/







