আগামী কয়েক দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দু-একটি জায়গা ছাড়া সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক ছিল। স্থানীয় নির্বাচনে সব সময়ই কিছুটা হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচনে যেসব স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কারও গাফিলতি থাকলে সে ব্যপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে অচিরেই ই-পাসপোর্ট চালু হবে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা প্রকল্প তৈরি করছেন। ই-পাসপোর্ট বহনকারীদের ইমিগ্রেশন খুবই সহজ হবে বলেও জানান মন্ত্রী।
হিযবুত তাওহীদ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিযবুত তাওহীদের কার্যকলাপ গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে। সম্প্রতি নোয়াখালীতে গ্রামবাসীর সঙ্গে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল তা আইনশৃংখলা বাহিনী ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/বিটি/টিএন/







