ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এর আগে বুধবার (৪ জুন) মধ্যরাত থেকে মির্জাপুরের গোড়াই এলাকায় কয়েক কিলোমিটার ও মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এদিকে, মহাসড়কের চরভাবলা এলাকায় ঢাকাগামী লেনে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হন। মহাসড়কে যানজটের কারণে সকাল ৭টা পর্যন্ত যমুনা সেতুপশ্চিম টোলপ্লাজায় ঢাকাগামী পরিবহনে টোল আদায় বন্ধ করা হয়। এতে উত্তরবঙ্গগামী যানবাহন সেতুর সবগুলোতে টোল আদায় করা হয়। পরে উত্তরের পথে যানবাহন কমে যাওয়ার পর সেতুর পশ্চিম অংশে টোল আদায় শুরু হয়।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, ‘ভোরের দিকে যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে। এখন গাড়ি চলছে ধীরগতিতে।’









