ধানের শীষ আপনার জন্মের আগেই বিএনপির প্রতীক, কেন বিতর্ক করছেন: রিজভী 

গাজীপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ২০:৩৮আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ২০:৪৮

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ধানের শীষ ৪৭ বছর ধরে নির্বাচনের প্রতীক। তার আগে ছিল মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দলের প্রতীক। পরে বিভিন্ন দল একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো, তখন প্রতীকটি বিএনপির নির্বাচনের প্রতীক হিসেবে চলে আসছে। এটা যেন বাড়ির আবদারের মতো, ছোট ভাই বলছে যদি এই চকোলেট আমাকে না দেওয়া হয়, তাহলে বড় ভাইকেও দেওয়া হবে না। ব্যাপারটা এরকম, তারা শাপলা না পেলে ধানের শীষও দেওয়া হবে না। ধানের শীষ আপনার জন্মের আগেই বিএনপির প্রতীক। সেই প্রতীক নিয়ে আপনারা কাউন্টার দিচ্ছেন।’

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের (এনসিপি) শাপলা না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে। তা হলো ‘ধানের শীষ’ ‘তারা’ ‘সোনালি আঁশ’ বাতিল করা অথবা শাপলা দেওয়া। আশা করি, আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গে এ বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক বাধা দেখছি না। এ জন্য আমরা আশাবাদী, শাপলা পাবো।’

সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না- এই ধরনের অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা সময় নষ্ট করছেন। আরেকদিকে আমাদের প্রত্যেকের যে ঐক্যবদ্ধ স্পিরিট, তা নষ্ট করছেন। ছাত্রদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে ভালো কথা। গণতন্ত্রের চর্চা থাকলে যেকোনও রাজনৈতিক দল মত প্রকাশ করতে পারে। আপনারা চেয়েছেন শাপলা। আপনারা কথা বলুন নির্বাচন কমিশনারের সঙ্গে, আপনাদের দাবি নিয়ে, প্রতীক নিয়ে। যদিও শাপলা জাতীয় প্রতীক। জাতীয় ফুলটি, জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। জাতীয় যেকোনও অনুষ্ঠান বা রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা, শাপলার প্রতি মানুষের আলাদা শ্রদ্ধাবোধ রয়েছে। সেটা আপনারা চান। যাই হোক আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন। তার সঙ্গে ধানের শীষ কেন নিয়ে আসছেন?’

দেশ নিয়ে বর্তমানে নানা ষড়যন্ত্র চলছে, বিভাজন সৃষ্টির চেষ্টা হচ্ছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘যারা এই বিভেদে মেতে আছে, তারা কারও মঙ্গল কামনা করছে না। আলোচনা হতে পারে, মতবিনিময় হতে পারে, কিন্তু বিতর্ক আর বিভেদে জড়ানো যাবে না। জুলাই ঐক্যের শক্তি হারালে আন্দোলনের অগ্রগতি থেমে যাবে। বিভাজন হলে কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না। তাই ঐক্য ধরে রাখতে হবে।’

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘বিএনপি এমন একটি দল যেখানে সৎ, পরিশ্রমী ও জনবান্ধব মানুষ স্থান পাবে। সমাজে যারা সন্ত্রাসী, অপকর্মে লিপ্ত, আতঙ্ক সৃষ্টি করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। শ্রমিক, কৃষক, ছাত্র ও পেশাজীবী সবাইকে আমরা দলে চাই। কিন্তু অপরাধী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য বিএনপিতে কোনও জায়গা নেই। যারা জনগণের কাছে ভীতি সঞ্চার করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। কোনও দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না। সমাজের মানুষ যাদের আতঙ্ক মনে করে তারা বিএনপির সদস্য হবে না। কারখানার শ্রমিক, মাঠের কৃষক, স্কুলশিক্ষক, চাকরিজীবী যাদের রাজনীতি করার আইনগত অধিকার আছে, তারা সবাই সদস্য হতে পারবে। শুধু অপরাধীরা বাদে।’

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা মাহবুবুল ইসলাম, ডা. মাজহারুল আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি