ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার ৩০ নভেম্বর দিবাগত গভীর রাত সাড়ে ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মাঝে। পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, যে স্থানটিতে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে স্থানটি অরক্ষিত। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে নিরাপত্তা বেষ্টনী ও সিসি ক্যামেরা স্থাপন করার বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে।
এদিকে বিভিন্ন সামাজিক যোগোযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে প্যান্ট-শার্ট পরিহিত, শীতবস্ত্র গায়ে, মুখোশধারী এক যুবক; কয়েকটি রিকশার টায়ার এনে স্মৃতিস্তম্ভে জড়ো করার পর বোতলভর্তি পেট্রোল চারদিকে ছিটিয়ে দেন। আর শেষে মশাল জ্বালিয়ে আগুন ধরিয়ে মোবাইলে ছবি-ভিডিও ধারণ করে দ্রুত সটকে পড়েন।
একটি সূত্র জানায়, রাতের আঁধারে একটি প্রাইভেটকার এসে থামে স্তম্ভের সামনে। সেটি থেকে নামেন দুই জন। আগেই রাখা টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মুহূর্তেই গা ঢাকা দেন। পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে এবং অতি স্বল্প সময়ে সম্পন্ন করা হয়।
সূত্রমতে এরই মধ্যে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতারা ফেসবুকে আগুন দেওয়ার ফুটেজটি শেয়ার করছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে।









