গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানির একাংশ) আসনে মনোনয়ন ফিরে পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তার পক্ষে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে বিদ্রোহী প্রার্থী এম সিরাজুল ইসলাম এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন তার আপিল গ্রহণ করেন এবং শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বলে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা যে কারণ দেখিয়ে আমাকে বাতিল করেছিলেন, তা নির্বাচন কমিশন বৈধতা দিয়েছে। নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে। যা আমাকে আরও উজ্জীবিত করেছে।
তিনি বলেন, আমি গোপালগঞ্জের জনগণের কাছে বিশ্বাসী এবং গ্রহণযোগ্য। দলের দুঃসময়ে সব সময় সামনে ছিলাম। কিন্তু দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি এতে কিছুটা হতাশ হয়েছি। তবে আমার কর্মীদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচন এ অংশগ্রহণ করবো। ইনশাল্লাহ নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করবো। আমার জয় দিয়েই হবে নতুন এক অধ্যায়ের গোপালগঞ্জ।









