ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় রাতের আঁধারে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় একটি প্রাইভেটকারের চালক গাড়ি না থামিয়ে ঝুঁকি নিয়েই গাড়িটি নিয়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করায় পেছন দিক থেকে হামলা চালিয়ে গাড়িটিও ভাঙচুর করে ডাকাতরা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের রাজাশন-বিরুলিয়া সড়কে এ ঘটনা ঘটে।
ইতিমধ্যে প্রাইভেটকারের ড্যাশ ক্যামেরায় রেকর্ড হওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন বলেন, ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরত্বেই আমরা টহলে ছিলাম। হঠাৎ লক্ষ্য করি সড়কে যানবাহনের ফ্লো থেমে গেছে। বিষয়টি বুঝতে ওই স্পটে এগিয়ে গিয়ে দেখি গাছের ডাল ফেলে গাড়ি আটকে দেওয়া হয়েছে। এ সময় দ্রুত বাঁশি বাজানোর পাশাপাশি দুর্বৃত্তদের ধরার চেষ্টা করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
তিনি বলেন, আমরা কালিয়াকৈর ঢালে, অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাকসহ আরও দুটি গাড়িকে সেখানে আটক থাকতে দেখি। যদিও পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাওয়ায় ডাকাতরা কারও কাছ থেকে কিছু নিতে পারেনি। মূলত ওরা সড়কটিতে গাছে ডাল ফেলে ডাকাতির চেষ্টা করেছিল।
ডাকাতরা সংখ্যায় চার জন ছিল বলেও জানান পুলিশের এক কর্মকর্তা।
তবে এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, যদিও কেউ এখনও এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ দেননি, তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
ডাকাতদের কবলে পড়া প্রাইভেটকারের চালক গোলাম আজম আল আমীন বলেন, সেদিন রাতে আমরা সবাই সাভারের কর্ণপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। রাত বেশি হয়ে যাওয়ায় আমার গাড়ির মালিক আমাকে বিরুলিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রয়াত বিএনপি নেতা মাহমুদুল হাসান আলালের বড় ছেলে অর্ণবসহ আরও দুই জনকে বিরুলিয়ার আকরাইন এলাকায় পৌঁছে দিতে বলেন। পরে আমি তাদের নিয়ে রাজাশন-বিরুলিয়া সড়ক ধরে আকরাইন এলাকার কাছাকাছি পৌঁছালে দেখি সড়কে একটি ট্যাংকার লরি ও তার পেছনে একটি অটোরিকশা দাঁড়িয়ে আছে। এ সময় সামনের দিক থেকে দেখি মুখ বাধা কয়েকজন গাড়ির দিকে এগিয়ে আসছে, তাদের হাতে রাম দা। এ সময় আমি গাড়ি একটু স্লো করে দ্রুত গাড়ির দরজা জানালা লক করে তাদের পাশ কাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করি। সামনে এগিয়ে দেখি সড়কের ওপর গাছ ফেলে রাখা। পরে গাছের ওপর দিয়েই গাড়ি চালিয়ে কোনরকমে ওই স্থান ত্যাগ করি। ডাকাতরা আমাদের কাছ থেকে কিছু নিতে পারেনি, তবে যাত্রীরা এ ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়ে।
ডাকাতরা এসময় আমি গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করায় আমার গাড়িও ভাঙচুর করে। তারা গাড়ির বাঁ পাশের দরজা ভাঙার পাশাপাশি গাড়ির পেছনেও ভাঙচুর করে, যোগ করেন তিনি।









