গাজীপুরের টঙ্গীতে ড্রেসম্যান ফ্যাশনস ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২১ জনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর আজকের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থবোধ করতে থাকেন তারা। পরে ৫৪ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ২১ জন নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩৩ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠায় কারখানা কর্তৃপক্ষ।
কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা সৈয়দ রেজাউল হক বলেন, ‘সকালে কাজ শুরুর দেড় ঘণ্টা পর থেকে শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়। দুপুর ১২টার দিকে কারখানা আজকের জন্য ছুটি দেওয়া হয়।’
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২১ জন নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা কেন অসুস্থ হয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়। কর্তৃপক্ষ দুপরের দিকে কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।’









