ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনকিলাবের জরিপে বিএনপি এগিয়ে থাকার খবরে নারায়ণগঞ্জ-৩ নির্বাচনি এলাকার সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে গণমিছিল করা হয়েছে। সোমবার বিকালে নাসিকের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ধানের শীষের এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নাসিক ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিজমিজি কান্দাপাড়ায় এসে শেষ হয়। মিছিলে ‘ভোট দিবেন কিসে, ধানের শীষে’, ‘১২ তারিখের মার্কা, ধানের শীষ মার্কা’, ‘তারেক জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা’, ‘এলাকাবাসীর মার্কা, ধানের শীষ মার্কা’, ‘মান্নান ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা’ স্লোগান দেন নেতাকর্মী ও সমর্থকরা।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, ‘দৈনিক ইনকিলাবের জরিপে বিএনপি এগিয়ে থাকা বাস্তবসম্মত ও দেশের প্রকৃত চিত্র। ভুয়া ও ভিত্তিহীন ফেসবুক জরিপের বিপরীতে জনগণের প্রকৃত সমর্থনের বাস্তব অবস্থা তুলে ধরার জন্য ইনকিলাবকে ধন্যবাদ জানাই।’









