কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সাড়ে ৯টার দিকে হওয়া এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়র সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী অছিম পরিবহনের সঙ্গে নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী মিনহাজ পরিবহনের একটি বাসের নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, অপর বাসটির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত একটি বাস সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়নি। আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”









