এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বন্যা দুর্যোগের মধ্যে কঠিন পদ্ধতিতে জোরপূর্বক পরীক্ষার নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ নানা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন পরীক্ষার্থীরা। এ সময় উত্তরবঙ্গগামী লেনে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়ে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। আন্দোলনে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা ২১ মিনিট থেকে ২টা ৪২ মিনিট পর্যন্ত মহাসড়কের নগরজালফৈ এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা সদর সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগসহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা জানান, দেশজুড়ে বন্যা এবং অতিবৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে উল্টো কঠিন প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়ার পাশাপাশি নানা আজেবাজে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। এ ছাড়া তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।









