ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাত পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন অটোরিকশাচালক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আখি আক্তার (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশাচালক (আনুমানিক ৪০ বছর)। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে অটোরিকশা ও অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ চার জন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়।
ধামরাই থানার আওতাধীন কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তাদের মধ্যে অটোরিকশাচালক ও দুজন আরোহী ছিলেন। তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। একইসঙ্গে পিকআপকে শনাক্ত করার চেষ্টা চলছে।’








