লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আগেই। তাকে ছাড়া প্রথমবার মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে মেসিবিহীন যুগের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ বুয়েনস এইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল স্কালোনির দল।
ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ৭২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। লক্ষ্যে শটও নিয়েছে ছয়টি, যেখানে উরুগুয়ের লক্ষ্যে ছিল তিনটি শট। কিন্তু পরিসংখ্যানের এই আধিপত্য কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। বিরতির পর অবশ্য দ্রুতই এগিয়ে যায় উরুগুয়ে। ৪৮মিনিটে ফ্রি কিক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে লিসান্দ্রো মার্তিনেসের হেড সতীর্থ লিওনার্দো বালের্দির মাথায় লেগে নিজেদের জালে জড়িয়ে যায়।
ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। ৫৪ মিনিটে কর্নার থেকে রোনালদ আরাউহোর হেডে ব্যবধান ২-০ করে সফরকারীরা।
এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আর্জেন্টিনা। ৬৬ মিনিটে ফ্রি কিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি মার্তিনেস। দুই মিনিট পরও গোলের সুযোগ নষ্ট করে স্বাগতিকরা।
অবশেষে ৭৩ মিনিটে ব্যবধান কমান হুলিয়ান আলভারেজ। নিকো প্রেস্তিয়ান্নির কাটব্যাক থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তিনি।
গোল শোধের পর সমতায় ফেরার জন্য উরুগুয়ের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। কিন্তু জমাট রক্ষণে স্বাগতিকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
আগামী বুধবার কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। একই দিনে ডোমিনিকান রিপাবলিকের মুখোমুখি হবে উরুগুয়ে।