নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যকে নির্জন স্থানে ডেকে নিয়ে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি দীর্ঘদিন ধরে উত্তর মাসাবো এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে আসছিলেন। এলাকায় মাদক কারবারিদের তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করায় তিনি বেশ কিছুদিন ধরে হুমকি ও চাপের মুখে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
কয়েক দিন আগে শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন আবুল কালাম। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সরাসরি হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহজালাল মোবাইল ফোনে আবুল কালামকে কল করে জরুরি কথা আছে বলে ডেকে নেয়। পরে তাকে বাড়ির কাছের একটি নির্জন বিলের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই শাহজালালের সঙ্গে ১০ থেকে ১৫ জন অবস্থান করছিল। আবুল কালাম সেখানে পৌঁছানোর পরপরই তারা তার ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা; তার পায়ের রগও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
আহত আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ও আঘাতের গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।