গাজীপুরে এক স্কুলছাত্র হত্যার দায়ে দুই ভাইসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুঁইয়া এ রায় দেন।
এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মামলার অপর ধারায় চার আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের হাড়ীরবাড়ির টেক এলাকার জামান সরকার (৪২), একই এলাকার শাকিল ভুঁইয়া (৪২), তার ভাই ইকবাল হোসেন ভুঁইয়া (৪০) এবং কুড়িগ্রামের বাজারহাট থানার লতাবর গ্রামের আবু সায়েম (৪০)। তাদের মধ্যে আবু সায়েম পলাতক রয়েছেন।
আদালত পরিদর্শক রবিউল ইসলাম জানান, আসামি জামান সরকার স্থানীয় ভাদুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুনের (১৫) বোনকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মামুনের পরিবারের লোকজন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ২০০৪ সালের ১০ আগস্ট জামান সরকার বাড়ি থেকে মামুনকে ডেকে নিয়ে যান। এরপর থেকে মামুন নিখোঁজ ছিল। এর তিনদিন পর ১৩ আগস্ট একই এলাকার মো. শাহজাহানের বাড়ির টয়লেটের ট্যাঙ্ক থেকে হাত-পা বাঁধা অবস্থায় মামুনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতে নিহতের বাবা হাসান খন্দকার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। সিআইডি’র পরিদর্শক সুলতান মাহমুদ তদন্ত শেষে ২০০৬ সালের ১১মার্চ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার ওই দণ্ড দেন। এ সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আতাউর রহমান খান ও আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ শুনানিতে অংশ নেন।
/বিটি/
আরও পড়ুন:







