অবরুদ্ধের ১২ ঘণ্টা পর মুক্ত ভিসি, অচলাবস্থা কাটাতে তিন দিন বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪

দীর্ঘ ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিতে দিনভর ঘেরাও ও অবস্থান কর্মসূচির মুখে নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কার্যালয় থেকে মুক্ত হন উপাচার্য।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর এবং অধ্যক্ষ সম্মেলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।

এর আগে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেন। সোমবার সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন তারা। একপর্যায়ে প্রধান ফটক বন্ধ করে বেলা ৩টার দিকে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এতে উপাচার্য নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমেও অচলাবস্থা সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের দাবি, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল হলেও দীর্ঘদিন ধরে তারা জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বেতন-ভাতার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান বেতন স্কেল থেকেও বঞ্চিত রয়েছেন তারা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় চললেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এসব দাবিতে এর আগে রবিবারও উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন তারা।

এ পরিস্থিতিতে দাবি ও চলমান অচলাবস্থা নিরসনে সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দফতরে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সভায় তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সোমবার রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে উপাচার্য অভিযোগ করেন, পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাকে ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি লেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেবো। কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করিনি, এখনও করব না।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, বিশ্ববিদ্যালয়ের সংস্কার প্রয়োজন এবং এ লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তবে তাকে কাজ করতে দেওয়া না হলে তা সম্ভব হবে না। ঘেরাও বা অবরুদ্ধ করে কোনও লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনও লাভ হবে না।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরে তাদের পক্ষে আইনি লড়াই চলে। ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করা এবং তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।

আদালতের রায় বাস্তবায়নের পর চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনে নামেন। তাদের কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অচলাবস্থা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে তিন দিন অফিস বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

/আরএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা
দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান গার্মেন্ট শ্রমিক সংহতির
সকাল থেকে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
সর্বশেষ খবর
ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবায় বিপর্যয়
ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সেবায় বিপর্যয়
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা বরখাস্ত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা বরখাস্ত
আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় যে দুই তরুণ
আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় যে দুই তরুণ
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম