দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া একই দাবিতে মোটরসাইকেল শোডাউন করেছে যুবদল। বৃহস্পতিবার দুপুর ও বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল। এ সময় তিনি আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষণা দেন।
অপরদিকে একই এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন সাভার থানা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আবুল খায়ের, সহসভাপতি এখলাস উদ্দিন, সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং বনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদসহ অন্য নেতারা।
এদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিকালে হেমায়েতপুর এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছে যুবদল। ঢাকা জেলা যুবদলের নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কে এ শোডাউন বের করা হয়। এতে শাওনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষণা দেন।