‘সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার জোটে না মাছ আর মাংস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬

নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবজির বাজার। দু-একদিন দাম কম থাকলে পরক্ষণেই আবার বেড়ে যায়। গত দুই সপ্তাহ সবজির দাম কিছুটা কম ছিল, পরে আবারও বেড়ে গেছে। কেজি প্রতি সব সবজির দাম বাড়ছে। যে গাজর ৭০-৮০ টাকা কেজি ছিল, সেটি এখন ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত শুক্রবার থেকে সবজির দাম বাড়তে থাকে। এখনও তা অব্যাহত রয়েছে। 

সাধারণ মানুষ বলছেন, মূল্যবৃদ্ধির এ প্রতিযোগীতায় তাদের টিকা থাকা কঠিন হয়ে পড়ছে। মাছ মাংসের বাজারে যে আগুন সেখানে তো যেতেই পারি না, এখন আবার সবজির বাজারেও আগুন লাগছে। আমাদের এখন ডিম আলুর ওপরই নির্ভর করতে হয়। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, আলু ৩০, পটল ৭০-৮০, বেগুন প্রকার ভেদে ১০০-১৫০, সিম ১০০-২০০, ভেন্ডি ১০০, টমেটো ১৮০, পেঁপে ৩৫, করলা ১০০, বরবটি ৮০, ঝিঙা ১০০, চিচিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ দেশি ২০০ ও হাইব্রিড ১২০ টাকা কেজি। শসা ১২০-১৩০ এবং গাঁজর ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত কিছুদিন আগেও এই সবজিগুলোর দাম ২০-৫০ টাকা কেজিতে কম ছিল।

এদিকে আজ প্রতি পিস ফুলকপি ৬০-৭০ ও বাঁধকপি ৪০-৫০ টাকা, লাউ ৭০- ৮০, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমিশাক ২০, পুঁইশাক ৩০ টাকা।  ডিমের মধ্যে লাল ডিম ১৩৫- ১৪০, সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

রুই মাছ ৪০০ টাকা থেকে শুরু ৫২০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা; ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০, দেশি মুরগি ৬৬০ টাকা।

বনশ্রীর মেরাদিয়া বাজারে আসা ক্রেতা মিলন বলেন, গরিবের জন্য বাজার কঠিন হয়ে পড়ছে। গরিবদের জন্য মাছ মাংস খাওয়া এখন কঠিন ব্যাপার। একদিন মাছ মাংস খেতে চাইলে একমাস আগে থেকে টাকা জমাতে হয়। 

তিনি বলেন, ‘আমরা ডিম ভাজি আর সবজি দিয়ে যে খাবো তাও তো বন্ধ হওয়ার পথে। সবজির দাম বাড়ছে।  ডিম তো প্রায় ১৫০ টাকা ডজনের মতো। ৫০০ টাকা বাজারে নিয়ে এলে এক ডজন ডিম আর দু-একটা সবজি কিনলেই শেষ। আমাদের তো গরিব মানুষরা কী খাবো তাহলে।’

রাসেল আহমেদ নামের আরেক ক্রেতা বলেন, ‘মাছ মাংসের বাজারে এখন আর আমাদের মতো মানুষ যেতে পারে না। সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার যাওয়া কঠিন হয়ে পড়ে। মাছ-মাংস জোটে না। ঘুরে ফিরে ডিম আর আলু খাওয়া পড়ছে।’ 

তিনি বলেন, ‘আমাদের আর কিছু বলার নেই। আমাদের আয় কম, সেই হিসেবে আমাদের এভাবেই বাঁচতে হবে।’

ফারহানা ইসলাম নামের একজন গৃহিনী বলেন, ‘কয়েকদিন আমরা সবজিটা ঠিকঠাকভাবেই কিনছিলাম। কিন্তু আবারও বাড়া শুরু করেছে। কাঁচা মরিজ ১০০ টাকার মধ্যে ছিল সেটি এখন ২০০ টাকা হয়ে গেছে। বেগুন, সিমের একই অবস্থা। গাঁজর ও শসার দামও বেড়ে গেছে। এখন আসলে আমরা যাবো কোথায়।’

তিনি বলেন, ‘আমাদের এখন আয়ের সঙ্গে ব্যায়ের কোনও কুলকিনারা নেই। এভাবেই আমরা চলছি।’ 

মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার বলেন, ‘সবজির বাজার এখন একটু বাড়তির দিকে। আমরাই বেশি দামে কিনছি। এখন তো আসলে আমাদেরও কিছু করার নেই।’ 

তিনি বলেন, ‘সবজির সরবরাহ কম। পাশাপাশি দুই দিন বৃষ্টি, যার কারণে পাইকারী বাজারে দাম বেশি। আবার সরবরাহ বাড়লে দাম কমে আসবে।’  

আরেক বিক্রেতা আব্দুল হামিদ বলেন, ‘গত কয়েকদিনের চেয়ে দাম কিছুটা বেড়েছে। কাঁচা সবজির দাম এ রকমই হয়। সরবরাহ বাড়লে আবার কমে আসবে।’ 

মাছ ব্যবসায়ী সালাম বলেন, ‘মাছের বাজার একটু চড়া। দাম বাড়তির দিকে। তেলাপিয়া, পাঙাস, ছোট রুই- এগুলো ৩২০-৩৫০ টাকা কেজি। আসলে কোনও মাছের দামই ওইভাবে কমতির দিকে নেই।’

/আইএএম/
সম্পর্কিত
মাছ-মাংসের বাজারে আগুন, স্বস্তি কেবল সবজিতে
শীতের আগমনী বার্তায়ও কমেনি সবজির দাম, চড়া মাছ-মাংসের বাজার
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
সর্বশেষ খবর
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ 
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ 
মঞ্চে অক্ষয় কুমারের পোশাকে আগুন!
মঞ্চে অক্ষয় কুমারের পোশাকে আগুন!
‘সিট দখল’ নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
‘সিট দখল’ নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
চলতি বছরে ২৩ ইসরায়েলি সেনার আত্মহত্যা, ১৬ বছরের সর্বোচ্চ
চলতি বছরে ২৩ ইসরায়েলি সেনার আত্মহত্যা, ১৬ বছরের সর্বোচ্চ
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি