রাজশাহীতে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে আসা ৩৭ নারীকে পকেটমারির অভিযোগে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) মাহফিলস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করেন।
আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে এসেছেন। তাদের উদ্দেশ্য ছিল মাহফিলে আসা মানুষের পকেটমারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এ তাফসির মাহফিল শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। আয়োজকদের ধারণা, মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে।
এদিকে আজহারীর প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে অংশ নেওয়ার খবরে নগরীসহ আশপাশের জেলাগুলোর মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সম্ভাব্য জনসমাগম সামাল দিতে মাঠে স্থাপন করা হয়েছে ১৫টি বড় এলইডি ডিসপ্লে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে মনিটরিং ব্যবস্থা। জরুরি চিকিৎসাসেবায় প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিম এবং শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক।
আয়োজকদের প্রতিনিধি ইমাজ উদ্দিন মন্ডল জানান, মাহফিল আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শৃঙ্খলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জসিম উদ্দীন সরকার বলেন, অংশগ্রহণকারীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নারী অংশগ্রহণকারীদের জন্য পাশের হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে।