বিশেষ চাহিদাসম্পন্ন ১৫ বছর বয়সী ছেলের মৃত্যুর পর কারাগারে শেষবারের মতো তার মুখ দেখলেন যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মি। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ছেলের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসেন স্বজনেরা। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাকে শেষবারের মতো দেখানো হয় ছেলের মরদেহ। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ নিয়ে কারাগার থেকে বের হন স্বজনেরা।
শারমিন সুলতানা (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শারমিন বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে রয়েছেন। তার স্বামী শাহাদাত হোসেন বলেন, ‘গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ আমাদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে নিস্বর্গ হোসেন তূর্য (১৫) জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন। জন্মের পর থেকে মায়ের হাতেই তার খাওয়াদাওয়া ও দৈনন্দিন কাজকর্ম চলতো। শারমিন গ্রেফতার হওয়ার পর ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ সেবন করছিল না। মায়ের জন্য অপেক্ষা করতে করতেই শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তূর্য মারা যায়।’
শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, আটকের আগে তার স্ত্রীর নামে কোনও মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়িয়েছে পুলিশ। ছেলের মৃত্যুর পর স্ত্রীকে শেষবারের মতো দেখানোর জন্যই মরদেহ কারাগারে নিয়ে যান তারা।
কারাগার থেকে বের হয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, ‘আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। এ রাষ্ট্র আমার বোনকে জামিন দিলো না। মায়ের অভাবে তার সন্তানটা মারা গেলো। মাত্র পাঁচ মিনিট সময় দিল আমার বোনকে তার সন্তানকে শেষবার দেখতে। এগুলো অমানবিক। কিছুতেই মানতে পারছি না।’
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। পরিবারের স্বজনেরাও সঙ্গে ছিলেন। পরে নিয়ম অনুযায়ী তাকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।’
জেল সুপার আরও বলেন, ‘শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনও আবেদন বা কাগজপত্র আমরা পাইনি। তবে তার স্বামী শাহাদাত হোসেন কারাফটকে বন্দি মাকে মৃত সন্তানের মুখ দেখানোর জন্য আবেদন করেন। পরে ঊর্ধ্বতন কারা কর্মকর্তা, গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) বিষয়টি জানিয়ে তাদের অনুমতি সাপেক্ষে নিয়ম অনুযায়ী মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।’
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের বন্দি শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনও আবেদন আমি পাইনি।’
কোন মামলায় বন্দি শারমিন
শারমিন সুলতানা শর্মি বর্তমানে লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা একটি পুরোনো মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে আছেন।
গত ৪ অক্টোবর গভীর রাতে তাকে আটক করেছিল লালবাগ থানা পুলিশ। আটকের পরে পুলিশ জানায়, লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় শারমিন সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি শারমিন সুলতানা শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন, গোপন সূত্রে এমন তথ্য পায় পুলিশ। পরে লালবাগ থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করে। শারমিন সুলতানা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে পুলিশ জানিয়েছে, মামলার এজাহারে তার নাম সরাসরি ছিল না; বরং আগে থেকে দায়ের হওয়া একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাকে যুক্ত করা হয়েছে।
সেসময় লালবাগ থানার ওসি জামিল আহমেদ জানিয়েছেন, থানায় আগে থেকে থাকা একটি পুরোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সাধারণত সন্ত্রাসবিরোধী আইনে এ ধরনের মামলাগুলো পুলিশের পক্ষ থেকে (রাষ্ট্রবাদী মামলা) দায়ের করা হয়ে থাকে। গ্রেফতারের পরদিন আদালতের মাধ্যমে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, মারা গেলো প্রতিবন্ধী ছেলে; লাশ নেওয়া হলো কাশিমপুরে
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী