ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরার সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৮-১০ টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে। সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, গত ২৩ মার্চ অনুষ্ঠিত চাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইদ্রিস আলী ও আকিদুল মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে আজ বেলা ১২টার দিকে নিশ্চিন্তপুর গ্রামে দু’পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলা -পাল্টা হামলায় চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানে স্ত্রী রুবিয়া বেগমসহ (৪০) ১০ জন আহত হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে রুবিয়া বেগম, শাহনাজ, পারভীনসহ ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪-৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৭ খুন : ৫১ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন
/এআর/







