খুলনায় ১৪ দলের আহ্বানে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে রবিবার বিকেলের এ মানববন্ধনে দাঁড়ানো নিয়ে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসদ) ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, বিকেল ৩টার দিকে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন শুরু হলে জাসদের নেতাকর্মীরা ব্যানার ও পতাকা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন শুরু করেন। এসময় ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামিরুল হুদা জহরের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী জাসদের ওই লাইনের মধ্যে ঢুকে পড়েন। তখন জাসদ কর্মীরা তাদেরকে সেখান থেকে সরে দাঁড়াতে বলেন। এ নিয়ে সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে জাসদের সিনিয়র নেতারা পরিস্থিতি শান্ত করেন। তবে, হাতাহাতির এ ঘটনায় কেউ আহত হননি।
জাসদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক খালিদ হোসেন বলেন, মানববন্ধন শেষে বিষয়টি ১৪ দল খুলনার সমন্বয়কারী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জানানো হলে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
তবে মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামিরুল হুদা জহর বলেন, মানববন্ধন চলাকালে জাসদের নেতাকর্মীদের লাইনে ঢুকে পড়ার কারণে জাসদ কর্মীরা আমাদের সেখানে দাঁড়াতে নিষেধ করেন। তখন লাইন থেকে সরে এসে আমরা অন্যদিকে চলে যাই। চলাচলের সময় বেশি লোকের মধ্যে ধাক্কা লাগতে পারে। তবে, কোনও হাতাহাতির ঘটনা ঘটেনি। এ ধরনের অভিযোগ কেউ করলে তা ঠিক নয়।
/এমও/এইচকে/
আরও বলেন: সারিয়াকান্দিতে গুচ্ছগ্রামের ৩০ একর জমি দখলের অভিযোগ, ফসল লুট








