বসতভিটার জন্য যশোরে ছোট ভাই আসলাম শেখকে গুম করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। তবে, বড় ভাই খোকন শেখ এ অভিযোগ অস্বীকার করে বলেন, আসলামের স্ত্রী-সন্তানরাই জমি দখলের জন্য এসব মিথ্যাচার করছেন।
শনিবার সকালে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আসলাম শেখকে গুম করার অভিযোগ করেন তার স্ত্রী জোহরা বেগম ও দুই সন্তান ফরহাদ শেখ ও আজাদ শেখ।
নিখোঁজ আসলাম শেখের পরিবারের দাবি, যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকার ১১ শতক জমিতে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন আসলাম। ৫ জুন সকালে আসলাম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান বড়ভাই খোকন শেখ। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি।
আসলাম শেখ দিনমজুর ছিলেন। ভারতেও তিনি মাঝে মধ্যে কাজ করতে যেতেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, খোকন শেখ, তার স্ত্রী শাহনাজ বেগম, সন্তান মিঠু শেখ ও রেশমা বসতভিটার জমি নিয়ে প্রায়ই তাদের খুন-খারাপি করার হুমকি দিয়ে আসছেন।
আসলাম শেখের স্ত্রী জোহরা বেগম অভিযোগ করেন, স্বামী নিখোঁজের বিষয়ে তার ভাসুরকে (খোকন শেখ) জিজ্ঞাসা করা হলে তারা ১০ অক্টোবর সকালে তাদের বাড়িতে এসে লাঠিসোটা নিয়ে চড়াও হন। ওই সময় তারা তাকে ও তার সন্তানদের মারপিট করেন।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ‘আমাদের আসলাম শেখের’ কাছে পাঠিয়ে দেবেন বলে হুমকি দেন।
এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তারা নিজেদের জীবন নিয়ে শঙ্কিত বলে জানান।
এসব বিষয়ে যোগাযোগ করা হলে খোকন শেখ বলেন, ‘আসলাম কোথায় আছে তা জানি না। সে একজন নেশাখোর, পকেটমার। প্রায়ই ভারতে যায়। তাছাড়া বাবার কথা না শোনায় তিনি আসলাম ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। একপর্যায়ে বাবা জমিজমা সব আমার স্ত্রী শাহনাজের নামে লিখে দেন। পরে শাহনাজ জমি আমার নামে লিখে দিয়েছে। এই সম্পত্তি দখল করতেই আসলামের বউ-ছেলেরা মিথ্যাচার করছে।’
/বিটি/








