নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘বিএনপি বলছে তারা সার্চ কমিটি নিয়ে হতাশ নয় ক্ষুব্ধ। অর্থাৎ, তারা ক্ষুব্ধ হলেও হতাশ নয়, এটি আশাব্যাঞ্জক। তাদের কথা অনুযায়ী তারা আশাবাদী। তাই বিভ্রান্তি ছড়াবেন না। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন নির্বাচন কমিশনার নিয়োগের জন্য। তাদের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ হবে। সরকারি প্রতিষ্ঠানে সরকারই লোক নিয়োগ দিয়ে থাকে। সেখানে তো বিএনপির নিয়োগ দেওয়ার সুযোগ নেই। ফলে সার্চ কমিটির সদস্যদের নিয়ে প্রশ্ন তোলারও অবকাশ নেই।’
শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
৫০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ইদরীস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি আরও বলেন, ‘বিএনপির রাজনীতি জন্ডিসে আক্রান্ত। জন্ডিস একটি সংক্রামক রোগ। তাই দেশবাসীকে বিএনপি-জামায়াত থেকে সাবধান থাকতে হবে। জন্ডিসের রোগী যেমন সব কিছু হলুদ দেখে, তেমনি বিএনপিও আওয়ামী লীগের সব কার্যক্রম ভুল দেখছে। তারা যেন জনগণকে বিভ্রান্ত না করতে পারে, সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
মন্ত্রী শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গণতন্ত্রে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরাও উন্নত দেশে পরিণত হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি একেএমএ হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মোহাম্মদ আবু সরোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
এর আগে ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
/এফএস/
আরও পড়ুন-








