কুষ্টিয়ায় হোটেলে এক মার্কিন নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগে ওই হোটেলের মালিক বিশ্বনাথ সাহা বিশুকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১টায় শহরের ছয় রাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, হেনস্তা করার অভিযোগে ওই হোটেল মালিককে আটক করা হয়েছে।
রবিবার ওই বিদেশি ফটোসাংবাদিকের পক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন সুফি ফারুক ইবনে আবু বকর নামে এক ব্যক্তি।
জানা গেছে, নারীদের নিয়ে কাজ করতে কুষ্টিয়া যান ওই মার্কিন ফ্রিল্যান্স ফটোসাংবাদিক। গত ৬ মার্চ রাতে শহরের ছয় রাস্তার মোড়ে অবস্থিত ‘খেয়া’ আবাসিক হোটেলে অবস্থানকালে রাত ১টার দিকে হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় তার কক্ষে প্রবেশ করতে মোবাইলে ফোন দেন। ফোন না ধরায় দরজায় ধাক্কা দেন। এমনকি অন্য একটি চাবি দিয়ে দরজা খোলার চেষ্টাও করা হয়।
ওই সাংবাদিকের দাবি, ঘটনার সময় কক্ষে তিনি একা অবস্থান করছিলেন। একজন নারী হিসাবে ওই সময় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন।এ অবস্থায় তিনি তার বাংলাদেশি সহকর্মী কুষ্টিয়ার সাংবাদিক আলী এহসানকে মোবাইলে ঘটনাটি জানান। আলী এহসান দ্রুত মোটরসাইকেল করে সেখানে পৌঁছান এবং আরও কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। পরে আলী এহসান রাত ৩টার দিকে তাকে শহরের রোজ ভিউ হোটেলে নিয়ে যান। কিন্তু রোজ ভিউ হোটেল কর্তৃপক্ষ কোনও নারীকে একা রুম ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। পরে ওইদিন রাতে বেসরকারি সংস্থা দিশার রেস্ট হইজে তিনি রাত্রিযাপন করেন।
ওই সাংবাদিক জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে করা অভিযোগপত্রে লিখেছেন, ‘এখানে না আসলে জানতে পারতাম না মফস্বলের নারীরা কতটা বৈষম্যের শিকার হচ্ছেন।’ স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ওই দুই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।
অভিযোগপত্র জমা দেওয়ার সময় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস।
/বিএল/
এ সংক্রান্ত আরও খবর:
কুষ্টিয়ায় বিদেশি নারী সাংবাদিককে উত্ত্যক্ত করার অভিযোগ






