বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ভারতীয় ৩৫ লাখ ২০ হাজার রুপি, ক্যানাডিয়ান ২০ হাজার ৭০০ ডলার ও আমেরিকান ২০০ ডলারসহ পাঁচ বাংলাদেশি যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দ করা ওইসব মুদ্রার বাংলাদেশি মূল্যমান ৫৯ লাখ ৫৯ হাজার ৭৫৪ টাকা।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টার সময় ভারত থেকে ফিরে ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে বেরিয়ে আসার সময় তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাসিরনগর গ্রামের ইয়াসমিন আক্তার (৩৫), চাঁদপুর জেলার মতলব থানার দিঘলদী গ্রামের নজরুল ইসলাম (৪১), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দেয়াবো বাংলা বাজার এলাকার আইয়ুব আলীর স্ত্রী শাহিদা খাতুন (৩৮), ঢাকার মিরপুর এলাকার শাহিদুর রহমান (৫২) ও একই এলাকার জুয়েল খান (৩২)।
বিজিবি জানায়, নিয়মিত পর্যবেক্ষণে থাকার একপর্যায়ে ওই পাঁচ বাংলাদেশি যাত্রী ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষ করে প্যাসেঞ্জার টার্মিনাল থেকে বেরিয়ে আসার সময় তাদেরকে দেখে সন্দেহ হয়। পরে বিজিবির সিপাহী সিদ্দিকুর রহমান আইসিপি ক্যাম্পের চেকিং রুমে নিয়ে তাদের শরীর, ব্যাগ ও জুতার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৩৫ লাখ ২০ হাজার রুপি, ২০ হাজার ৭০০ ক্যানাডিয়ান ডলার ও ২০০ আমেরিকান ডলার জব্দ করে। তাদেরকে মানি লন্ডারিং আইনে আটক করা হয়।
বেনাপোল আইসিসি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বৈদেশিক মুদ্রাসহ পাঁচ বাংলাদেশি যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জব্দ করা টাকাসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’







