মালিতে দায়িত্বরত অবস্থায় বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের নিহত ল্যান্স কর্পোরাল আক্তার হোসেনের বাড়ি চলছে মাতম। মোবাইল ফোনে কথা বলার সময় আক্তার হোসেনের স্ত্রী রেনু বার বার কান্নায় ভেঙে পড়েন।
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদহ গ্রামে।
তিনি জানান, ২৬ ফেব্রুয়ারি তার সঙ্গে শেষবারের মত মোবাইল ফোনে কথা হয়। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একজন অফিসার তাকে মোবাইল ফোনে তার স্বামীর মৃত্যুর খবর দেন।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকাল মৃত্যুতে তার পরিবারের ভবিষৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
এ সময় তিনি বলেন, ‘আক্তার হোসেন ২১ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। সর্বশেষ টাঙ্গাইলের ঘাটাইল নাইন ফিল্ড ব্যাটেলিয়ন থেকে ১০ মাস আগে শান্তিরক্ষী মিশনে মালিতে যান। তাদের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে রিমি খাতুন এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে আর ছোট মেয়ে জান্নাতুল মাওয়ার বয়স সাত বছর।
প্রতিবেশি অলিয়ার রহমান বলেন, আক্তার হোসেনের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আক্তার হোসেনের ব্যাপারে সরকারিভাবে কোনও তথ্য জেলা প্রশাসন কিম্বা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেনি বলে জানান সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ‘কুমিল্লা কারাগারে বন্দিদের অধিকাংশ মাদক মামলার আসামি’







