কুষ্টিয়ায় ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে ১৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। সোমবার (৫ মার্চ) রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
সোমবার সোয়া ১টার দিকে দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাগুয়ান গ্রামে তামাক ঘরের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পরলে স্থানীয় ইসমাইল হোসেন, মো.ইসলাম, আব্দুর রাজ্জাক, মকলেছ, শরিফুল ইসলাম, রেবেকা জাজান, আসাদুল, মজির উদ্দিন, জাইদুল ও সফিকুল ইসলামের মোট ১৬টি বসতঘর আগুনে পুড়ে যায়। এ সময় ১টি গরু ও ৩টি ছাগল পুড়ে মারা যায়। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে তারা প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভেড়ামারা ফায়ার স্টেশনের অফিসার শ্রী প্রবীর কুমার দেবনাথ জানান, আগুনে ওই সব পরিবারের উঠতি ফসল, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে, সোমবার রাত আনুমানিক ২টার দিকে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের ভাসা মালিথার বসত বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এইসময় ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মিরপুর উপজেলার ফায়ার স্টেশনের অফিসার রুহুল আমিন জানান, ভাসা মালিথার ৩টি কাচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরের আসবারপত্র নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।






