বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন মাদক মামলার আসামি তন্ময় মণ্ডল (২০) পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে পুলিশকে ধাক্কা দিয়ে ওই আসামি পালিয়ে যায়। পুলিশ পাহারায় আসামি পালানোর ঘটনায় দায়িত্বে পালনে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৬ এপ্রিল) তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তন্ময় মণ্ডল চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামের মৃত বলরাম মণ্ডলের ছেলে। আর বরখাস্ত হওয়া দুজন হলেন চিতলমারী থানার কনস্টেবল আব্দুর রউফ ও শওকত আলী। এদিকে পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল চন্দ্র সরকার জানান, ২ এপ্রিল রাতে চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকায় পুলিশ অভিযানে যায়। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তন্ময় মণ্ডকে আটক করা হয়। পুলিশের ধাওয়ায় তন্ময় রাস্তায় পড়ে কোমরে আঘাত পায়। তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা পাওয়ার দাবি করে পুলিশ।
পরে উপপরিদর্শক (এসআই) মারফত আলী বাদী হয়ে চিতলমারী থানায় তন্ময়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। সেখান থেকে তন্ময়কে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশি পাহারায় স্থানীয় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তন্ময় টয়লেটে যেতে চাইলে পুলিশ তার হাতকড়া খুলে দেয়। এ সময় সে বিছানা থেকে নেমেই পাহারায় থাকা পুলিশ সদস্য শওকত আলী ও আব্দুর রউফকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে চিতলমারী থানায় মাদক ছাড়াও তিনটি চুরির মামলা রয়েছে।
আসামি পালিয়ে যাওয়ার এই ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কনেস্টবল আব্দুর রউফ ও শওকত আলীকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া তন্ময় মণ্ডলকে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।






