ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন নিয়ে আ.লীগ ও বিএনপিতে কোন্দল

নয়ন খন্দকার, ঝিনাইদহ
২৩ অক্টোবর ২০১৮, ০৯:৫২আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০৯:৫৩

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন নিয়ে আ.লীগ ও বিএনপিতে কোন্দল আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক অর্থাৎ মহারাজপুর, নলডাঙ্গা, ঘোড়শাল ও ফুরসন্ধি) মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি এই বড় দুই দলের অভ্যন্তরীণ কোন্দল দেখা গেছে। এছাড়া দলের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও মনোনয়নকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে লবিং ও গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সাধারণ নেতাকর্মীরা।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্বে আছেন, বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান এবং তৃতীয় গ্রুপের নেতৃত্বে দিচ্ছেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ৭ জন মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। এরা হচ্ছেন, বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সাবেক মেয়র ও সাবেক ছাত্রলীগ সভাপতি এবং কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. রাশেদ শমসের ও কেন্দ্রীয় বাস্তুহারা লীগ সভাপতি আলহাজ তোফাজ্জেল বাবু।

মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি ও বর্তমান এমপির দ্বন্দ্ব রয়েছে। বর্তমানে মনোনয়নকে কেন্দ্র করে উভয় গ্রুপই প্রতিদিন মোটরসাইকেল শো-ডাউন করছে।

অপরদিকে বিএনপির থেকে পাঁচজন প্রার্থী হচ্ছেন বলে দলীয় নেতকর্মী সূত্রে জানা গেছে। এরা হলেন- সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শহীদুজ্জামান বেল্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা হামিদুল ইসলাম হামিদ, ব্যবসায়ী হারুন অর রশীদ মোল্ল্যা ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম নাজিম মাহমুদ।

বিএনপিতে নবীন ও প্রবীণ নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বড় দু’দলের বিভিন্ন গ্রুপের অনুসারী নেতাকর্মীরা ইতিমধ্যে শহরসহ গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে তাদের নেতার পোস্টার ও ব্যানার টানিয়ে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানান দিচ্ছেন। এছাড়া দলের মনোনয়ন প্রত্যাশীদের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করা হচ্ছে।

এছাড়া গত নির্বাচনে এ আসন থেকে প্রার্থী হয়েছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তাফা আলমগীর রতন। তিনি এবারও ঝিনাইদহ-৪ থেকে ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। তিনিও মাঝে মধ্যে ঢাকা থেকে কালীগঞ্জে এসে দলীয় সভা সমাবেশ যোগদান করছেন। প্রার্থী হিসেবে এলাকাবাসীদেরও তিনি জানান দিচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিসের সূত্র মতে, ঝিনাইদহ-৪ আসন গঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে। এ আসনে মোট ভোটার দুই লাখ ৪৯ হাজার ২৪২ জন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের সব নির্বাচনেই এখানে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান বেল্টু।

তবে ২০০৮ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের আবদুল মান্নান ও সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুল আজীম আনার সংসদ সদস্য নির্বাচিত হন। এর ফলে ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়। তবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও ধানের শীষের নেতাকর্মীরা এবার আসনটি পুনরুদ্ধারের আশা করছেন।

বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার বলেন, ‘আওয়ামী লীগ এশিয়া উপমহাদেশের অন্যতম দল। এ দলের অনেক অর্জন রয়েছে। বৃহৎ দলের রাজনীতি যারা করেন তাদের সবার বিভিন্ন চাওয়া-পাওয়া থাকতে পারে। তাদের অনেকেই মনোনয়ন প্রত্যাশা করতেই পারেন। আমি ২০০৮ সালে মনোনয়ন পেয়েছিলাম কিন্তু মামলা জটিলতার কারণে সেটা পরিবর্তন হয়েছিল। ২০১৪ সালেও মনোনয়ন পেয়েছিলাম এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে।’

তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন আসছে। প্রার্থী হবো বলেই প্রচার-প্রচারণা চালাতে হবে তা নয়। নির্বাচিত হবার পর থেকেই আমি পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। তখন থেকেই আমার সাংগঠনিক তৎপরতা চলছে। আমি বরাবরই সাংগঠনিকভাবে সবসময় শক্ত অবস্থানে আছি।’

দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী এই আসন থেকে তাকেই নৌকা প্রতীক দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলের লবিং গ্রুপিংয়ের ব্যাপারে এমপি আনার বলেন, ‘মনোনয়ন যে কেউ চাইতে পারে। কিন্তু মনোনয়ন যখন পরিষ্কার হয়ে যাবে এবং প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিবেন তখন এসব বিভেদ আর থাকবে না। ইতোপূর্বে এটাই দেখা গেছে। তবে গুটি কয়েক নেতাকর্মী যাদের মধ্যে আদর্শের ঘাটতি আছে তারাই কেবল দলের সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়িয়ে থাকেন। বাদ বাকি সব নেতাকর্মী নৌকাকে জয়যুক্ত করার জন্য কাজ করবে।’

দলের মধ্যে একাধিক গ্রুপিংয়ের ব্যাপারে তিনি বলেন, ‘শুধুমাত্র মনোনয়নের জন্য এরকম হয়। আর কিছু অভ্যন্তরীণ বিষয় আছে যা গাছ কাটলে গায় পড়ে, বলা যায় না।’

এদিকে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানও মনোনয়ন পাওয়ার আশবাদী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রকৃত ও ত্যাগী নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। এছাড়া দলের ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সভা সমাবেশসহ নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর থেকে যেসব নির্বাচন হয়েছে সেখানে ঝিনাইদহের ৪টি আসনই বিএনপির প্রার্থী নির্বাচিত হয়। এছাড়া আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি পায়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসনটি উদ্ধার করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উপহার দিয়েছিলাম।’
তিনি তার সময়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সেই সব উন্নয়নের গতি অব্যাহত আছে। গতিকে ধরে রাখার জন্য নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচিত হবো ইনশাআল্লাহ।’

অভ্যন্তরীণ কোন্দলের ব্যাপারে তিনি বলেন, ‘২০১৫ সালে কেন্দ্র ও জেলা কমিটি সম্মেলন করার জন্য আমাকে আহ্বাযক করে দেন। আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি করার জন্য আমি সভা করছিলাম। সভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের অপরপক্ষের দলীয় নেতাকর্মীরা হট্টগোল ও আইনশৃঙ্খলার অবনতি করে। সে সময় কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ মোহন ঘোষ মারা যান।’

মনোনয়ন প্রত্যাশী কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু বলেন, আমি দু’বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এছাড়া ১৯৮৬ ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমি ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন পেয়েছিলেন। ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হই। এরপর দলীয় নেত্রী আমাকে ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী করেন। সে বার ৮ হাজার ভোটে হেরে যাই। সর্বশেষ আমি উপজেলা চেয়ারম্যানে প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছি।

তিনি ধারণা করে বলেন, ‘বর্তমান এমপি আনার মনোনয়ন পেলে সাবেক এমপি মান্নান তার পক্ষে কাজ করবেন না। আবার সাবেক এমপি মান্নান মনোনয়ন পেলে বর্তমান এমপি আনার তার পক্ষে কাজ করবে না। তবে আমি যদি মনোনয়ন পাই তাহলে উভয় গ্রুপই আমাকে ভোট দেবেন।

এদিকে এবার প্রথম দলীয় মনোনয়ন চাইছেন তরুণ নেতা সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। ইতিমধ্যে তিনি প্রথম শ্রেণির পৌরসভা কালীগঞ্জের সাবেক মেয়র হিসেবে পৌর এলাকার ব্যাপক উন্নয়ন করে সুনাম কুড়িয়েছেন। ২০০৪ সালে তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি থাকার সময় সন্ত্রাসীদের হামলায় পঙ্গু হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসা নিয়ে রাজনীতিতে আবারও সক্রিয় হয়ে মেয়রের দায়িত্ব পালনকারী এ নেতা বলেন, ‘কালীগঞ্জ পৌরবাসী ভালোবেসে আমাকে পৌরসভার দায়িত্ব দিয়েছিলেন। আমি তাদের আশা পূরণ করতে পেরেছি। সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে আবারও আগের সুনামের প্রতিফলন ঘটাতে চাই।

এছাড়া আওয়ামলীগ থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় বাস্তুহারা লীগ সভাপতি ও শিল্পপতি তোফাজ্জেল হোসেন বাবু। ইতোমধ্যে এ নেতা এলাকায় এসে নির্বাচনি গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন স্থানে শোভা যাচ্ছে তার ব্যানার ও পোস্টার।

এছাড়া বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতিও গণসংযোগ অব্যাহত রেখেছেন। নব্বইয়ের দশকের সাবেক এ ছাত্রনেতা বলেন, ‘আমাকে মনোনয়ন দেওয়া হলে বিভক্ত দল ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দেবে এবং আসনটি আওয়ামী লীগের দখলেই থাকবে।’

অন্যদিকে বিএনপিতে নবীন-প্রবীণের দ্বন্দ্ব থাকলেও চারবারের নির্বাচিত এমপি শহীদুজ্জামান বেল্টুর রয়েছে শক্ত অবস্থান। সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় এলাকায় তিনি ব্যাপক উন্নয়নমূলক কাজও করেছেন বলে দাবি বেল্টু গ্রুপের নেতাকর্মীদের। বিএনপির অনেকেই মনে করছেন, তাকে মনোনয়ন দিলেই কেবল হারানো আসনটি ফিরে পাওয়া সম্ভব।

বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ শহীদুজ্জামান বেল্টুর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তবে তার পক্ষে দলের উপজেলা সাধারণ সম্পাদক আইনাল হক বলেন, ‘বিএনপি একটি বড় দল। বড় দলে দ্বন্দ্ব বা লবিং গ্রুপিং থাকতেই পারে। মূলত পদ পদবী নিয়ে এ গ্রুপিং সৃষ্টি হয়েছিল। কিন্তু জেলা সম্মেলন হওয়ার পর আহ্বায়ক কমিটি থাকে না। বিলুপ্ত হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ শহীদুজ্জামান বেল্টুই মনোনয়ন পাবেন এবং আসনটি পুনরুদ্ধার করবেন। এছাড়া দল যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই নেতকর্মীরা থাকবেন।’

বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন নতুন মুখ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী এ নেতা বলেন, ‘আমি কোনও গ্রুপিংয়ে নেই। দেশনেত্রী খালেদা জিয়া যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচিত হয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবো।’
সাবেক ছাত্র নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, ‘আমি অবশ্যই মনোনয়ন চাইবো। ওয়ান-ইলাভেন ও আওয়ামী লীগের নয় বছরের শাসনামলের দমন-পীড়ন উপেক্ষা করে রাজপথে রয়েছি, অনেক হামলা মামলার শিকার হয়েছি। কালীগঞ্জে নিজে উপস্থিত থেকে ঝুঁকি নিয়ে কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচি পালন করেছি। দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা রাখি।’

এছাড়া ব্যবসায়ী ও বিএনপি নেতা একেএম হারুন অর রশিদ মোল্লাও দলের আরেক মনোনয়ন প্রত্যাশী। তার মতে, দলে বিভিন্ন নেতাদের কেন্দ্র করে গ্রুপিং-লবিং থাকলেও তিনি মনোনয়ন পেলে তাদের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না। তবে দল যাকে মনোনয়ন দেবে, তার সঙ্গেই কাজ করবেন বলে জানান তিনি।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম নাজিম মাহমুদও মনোনয়ন প্রত্যাশী। শহরসহ গ্রামাঞ্চলে তার ব্যানার পোস্টার শোভা পাচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের