যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘দেশের শিক্ষা, স্বাস্থ্য, মাতৃ মৃত্যুহার হ্রাস, অবকাঠামোগত উন্নয়নের আমূল পরিবর্তন সম্পন্ন হয়েছে কেবল জননেত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকারের কল্যাণেই। বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানরাও এই অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ডে রীতিমত বিস্মিত। দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রকল্প, বিদ্যুৎ- সবক্ষেত্রে আমাদের মূলমন্ত্র তারা জানতে চান। আমরা বলেছি, দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই তা সম্ভব।’
আজ সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় যশোর সদরের কচুয়া ইউনিয়ন পরিষদে দলের ইউনিয়ন কমিটির কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কাজী নাবিল আহমেদ বলেন, ‘২০২১ সালে আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবো। আর সে কারণে ড. কামাল, ড. ইউনূস গংরা বিএনপির কাঁধে ভর করে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একাট্টা হয়েছেন। আগামী নির্বাচন বানচাল করতে তৎপরতা শুরু করেছেন। কিন্তু তাদের সে আকাঙ্ক্ষা এদেশের মানুষ পূরণ হতে দেবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল। দলীয় পদ থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, এমপি পদে দলের অনেক যোগ্য প্রার্থীই মনোনয়ন চান। কিন্তু সেসব প্রার্থীর মধ্য থেকে বাছাই করে জননেত্রী শেখ হাসিনা একজনকেই মনোনয়ন দেন। তিনি কাউকে মনোনীত করলে আর কোনও কথা থাকে না। কর্মী হিসেবে আমাদের একটাই দায়িত্ব, নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সব প্রচেষ্টা অব্যাহত রাখা।’
এ জনপ্রতিনিধি বলেন, ‘দেশের সংখ্যাগরিষ্ঠ আসনে নৌকাকে বিজয়ী করতে পারলেই শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। তিনি রাষ্ট্রক্ষমতায় থাকলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব। সে কারণে তুচ্ছ বিভেদ ভুলে নিজেদের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৩০ ডিসেম্বরের নির্বাচনে সব নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।’
কর্মিসভায় কাজী নাবিল আহমেদ আরও বলেন, ‘গত ১০ বছরে যশোর হয়েছে প্রথম ডিজিটাল জেলা, ৫০০ শয্যার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজ এগিয়ে চলছে, বিমানবন্দর আধুনিকীকরণ হচ্ছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সম্প্রসারণের কাজ, এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ভৈরব নদ সংস্কারের কাজ হচ্ছে দ্রুতগতিতে, শতভাগ বিদ্যুতায়নের কাজ হয়েছে, মহাসড়কগুলোর কাজ হচ্ছে- এসব উন্নয়নের কাজ অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওদুদ মোল্যার সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের নেতা সুখেন মজুমদার, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ধাবক, ইউপি সদস্য আকরাম হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক সরদার প্রমুখ। অনুষ্ঠানে দলের কচুয়া ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এমপি কাজী নাবিল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর্মিসভা শেষে তিনি ফতেপুর ইউনিয়নের সন্ন্যাসী বটতলা বাজারে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।







