মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় ইঞ্জিনচালিত নসিমন থেকে ছিটকে পড়ে আসাদুল ইসলাম (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রসুল (২২) নামে এক শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। আসাদুল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
মাগুরা সদর থানার এএসআই মসলেম আলী জানান, ঢাকা-খুলনা মহাসড়কে সকাল ৮টার দিকে একটি নসিমনে করে প্রায় ১০ জন শ্রমিক মাগুরা থেকে কামারখালির দিকে যাচ্ছিলেন। এ সময় সদরের বেলনগর এলাকায় দ্রুতগতির নসিমনটি হঠাৎ ব্রেক করলে মহাসড়কের ওপর ছিটকে পড়ে আসাদুল ও গোলাম রসুল। মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেলে তাদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে আসাদুল মারা যান। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







