নাশকতার মামলায় মোংলার ২১ বিএনপি-জামায়াত নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত-০১ এর বিচারক এ নির্দেশ দেন।
জেলহাজতে পাঠানো নেতাকর্মীরা হলেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. কোহিনুর সরদার, মোংলা পোর্ট পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো. হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো. ইউনুস আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, যুবদল নেতা আবু হোসেন পনি, ছাত্রদল নেতা মো. আবুল কাশেম, জামায়াত নেতা বাবর মুসল্লি, জাহিদ মোল্লা, বিএনপি নেতা গোলাম হোসেন, ফারুক ও রুহুলসহ মোট ২১জন।
তাদের বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে মোংলা থানায় পৃথক দুইটি নাশকতা মামলা দায়ের করা হয়। একটি মামলায় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিকসহ ১৫ জন এবং অপর একটি মামলায় জামায়াত নেতা কোহিনুর সরদার ও মো. হোসেনসহ ৬ জনকে আসামি করা হয়েছে।






