যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুন ২০২৬, ০৮:০০আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:০০

প্রতিনিয়ত আমাদের জীবনের একটা বড় অংশ দখল করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনির মতো প্ল্যাটফর্মগুলো এখন কেবল তথ্য খোঁজার মাধ্যম নয়, বরং দৈনন্দিন কাজের বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছে। তবে এই অতি-নির্ভরশীলতাই ডেকে আনছে চরম বিপদ। অজান্তেই চ্যাটবটের বাক্সে আমরা উজার করে দিচ্ছি আমাদের জীবনের গোপনতম অধ্যায়গুলো। প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এবার কড়া ভাষায় সতর্ক করে বলছেন— এআই-কে অন্ধভাবে বিশ্বাস করার এই প্রবণতা আপনাকে মুহূর্তের মধ্যে বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ব্ল্যাকমেইলের শিকার বানাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এআই চ্যাটবটগুলো ব্যবহারকারীদের দেওয়া প্রতিটি তথ্য ও ডেটা নিজেদের সার্ভারে জমা রাখে, যা পরবর্তী সময়ে প্ল্যাটফর্মের নিজস্ব অ্যালগরিদম উন্নত করতে বা তাদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়। ফলে কোনো কারণে এই বিশাল ডেটাবেস সাইবার হামলার মুখে পড়লে বা ডেটা ফাঁস হলে আপনার গোপন তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে।

নিজেদের নিরাপদ রাখতে পাঁচটি সংবেদনশীল তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট না দেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা:

১. পাসওয়ার্ড, ওটিপি ও গোপন পিন

আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো পাসওয়ার্ড, ওটিপি কিংবা পিন নম্বর ভুলেও এআই চ্যাটবক্সে লিখবেন না। সামান্য অসতর্কতায় যেকোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্ট হ্যাক বা বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে।

২. ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের ডিটেইলস

আজকাল অনেকেই পার্সোনাল বাজেট বা আর্থিক পরিকল্পনার জটিল হিসাব মেলাতে এআইয়ের সাহায্য নিচ্ছেন। তবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য এবং সংবেদনশীল কোনো আর্থিক লেনদেনের নথি এখানে শেয়ার করা চরম ঝুঁকিপূর্ণ।

৩. প্রাতিষ্ঠানিক গোপন নথি ও সফটওয়্যার সোর্স কোড

অফিসের কাজের গতি বাড়াতে অনেকেই গোপন ফাইল বা সফটওয়্যারের সোর্স কোড এআই প্ল্যাটফর্মে আপলোড করে বসেন। এটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশলের গোপনীয়তা ভঙ্গ করে। ইতিমধ্যেই বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য চ্যাটবটে অফিশিয়াল তথ্য ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

৪. জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও মেডিকেল রিপোর্ট

আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট ডিটেইলস, ব্যক্তিগত ছবি কিংবা কোনো সংবেদনশীল মেডিক্যাল রিপোর্ট এআই প্ল্যাটফর্মে আপলোড করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। এসব তথ্য ব্যবহার করে ডিজিটাল দুনিয়ায় আপনার ‘পরিচয় চুরি’ হতে পারে।

৫. আইনি ও মানসিক অবস্থার গভীর ব্যক্তিগত বিবরণ

পারিবারিক কোনো ঝামেলা, মানসিক অবসাদ বা আইনি জটিলতার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিজের নাম-ঠিকানাসহ এআই-কে জানানো মোটেও নিরাপদ নয়। মনে রাখবেন, অনেক সময় এআই ডেটা রিভিউ করার জন্য পর্দার আড়ালে থাকা মানুষের সাহায্য নেওয়া হয়, ফলে আপনার গোপন কথা অন্য মানুষের নজরে চলে আসতে পারে।

গোল্ডেন রুল ও বাঁচার উপায়:

সাইবার নিরাপত্তা গবেষকেরা এআই ব্যবহারের ক্ষেত্রে একটি সহজ স্বর্ণালী নিয়ম বা গোল্ডেন রুল মনে রাখার পরামর্শ দিয়েছেন, “রাস্তায় কোনও অপরিচিত মানুষকে আপনি যে তথ্য দেবেন না, তা এআই চ্যাটবটকেও কখনও জানাবেন না।”

নিজেকে সুরক্ষিত রাখতে এআই প্ল্যাটফর্ম ব্যবহারের আগেই এর ‘প্রাইভেসি সেটিংস’ পরীক্ষা করুন এবং আপনার চ্যাট হিস্ট্রি যেন এআই-এর প্রশিক্ষণে ব্যবহৃত না হতে পারে, সেই অপশনটি বন্ধ করে দিন। পাশাপাশি অপ্রয়োজনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকাই এখন ডিজিটাল দুনিয়ায় টিকে থাকার একমাত্র উপায়।

/ইএইচ/ইউএস/
সম্পর্কিত
স্প্যাম কল, ভুয়া এসএমএস ও তথ্য ফাঁসের ঝুঁকি কমাবে যে ৫ সেটিং
গুগল ম্যাপের আরও স্মার্ট ব্যবহার: জেনে নিন ৬ কার্যকর ফিচার
ক্লডের শত শত ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে, নড়েচড়ে বসলো অ্যানথ্রপিক
সর্বশেষ খবর
স্প্যাম কল, ভুয়া এসএমএস ও তথ্য ফাঁসের ঝুঁকি কমাবে যে ৫ সেটিং
এটা তো স্ত্রী ও সতিনের মধ্যে মারামারি নয়, চীন-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী 
ফিফা আসিয়ান কাপে ভারত-পাকিস্তান, বাংলাদেশ নেই কেন
লোহিত সাগরে জাহাজে শুল্ক বসাতে চায় হুথি বিদ্রোহীরা
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ