তীব্র দাবদাহের মধ্যে খুলনায় পাটকল শ্রমিকরা টানা ১০ দিন কর্মবিরতি ও ৯ দিন তিন ঘণ্টার রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে তারা বদ্ধপরিকর। পাটকল শ্রমিকদের দাবি, বাস্তবায়নের ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়ার পরও বিজেএমসি ও মন্ত্রণালয়ের গতি শ্লথ। এ অবস্থায় প্রতিশ্রুতি অনুযায়ী, ১৮ মে’র মধ্যে মজুরি কমিশন না বসালে, কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন।
পাটকল শ্রমিক লীগের খুলনা অঞ্চলের সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, ‘চুক্তি অনুযায়ী মজুরি কমিশন কার্যকর না করলে, ১৮ মে বিজেএসসি শ্রমিক কার্যালয়ে বৈঠক করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
প্লাটিনাম জুবিলী জুট মিলের প্রকল্প প্রধান মঈনুল করিম জানান, শ্রমিক ও কর্মচারীদের কয় মাসের মজুরি ও বেতন বকেয়া রয়েছে, তা জানতে বিজেএমসি কর্তৃপক্ষ টেলিফোন করেছে। পাওনাদার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নামের তালিকা দ্রুত বিজেএমসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন বলেন, ‘বকেয়া পাওনাসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা কর্মবিরতিসহ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। গত ১৫ এপ্রিলের প্রতিশ্রুতি অনুযায়ী, ২ মে’র মধ্যে বকেয়া মজুরি পরিশোধ না করায়, শ্রমিকরা কঠোর অবস্থানে রয়েছে। তারা কর্মবিরতি পালনসহ প্রতিদিনি তিন ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে।’







