ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তারা হলেন—বেথুলী গ্রামের কালীপদ ঘোষ, তার স্ত্রী অনিতা ঘোষ, দুই ছেলে নারান ও জয়কৃষ্ণ, পুত্রবধূ লিলি ঘোষ ও শ্যামলী ঘোষ, নাতনি-তিথি, বন্যা, বৃষ্টি, সিমান্ত ও খেয়ালী।
স্থানীয়রা জানান, কালীপদ ঘোষের যৌথ পরিবারে মোট সদস্য ১১ জন। বুধবার সকালে পরিবারের সবাই কুমড়া, বেগুন ও কচু তরকারি দিয়ে সকালের খাবার খেয়েছিলেন। দুপুরের পর থেকেই তারা সবাই অসুস্থ বোধ করতে থাকেন। সন্ধ্যার পর কালীপদ ঘোষের স্ত্রী অনিতা ঘোষ (৫৫) অচেতন হয়ে পড়েন। একে একে সবাই অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডাক্তার সঙ্গিতা চৌধুরী বলেন, ‘ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষাক্ত কিছু থাকার কারণে তারা অসুস্থ হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’







