চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (৩২) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ উপজেলার সদাবরি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পলাশ কার্পাসডাঙ্গা ইউনিয়ন সংলগ্ন ইমাম হাসানের দোতলা বাড়ির নির্মাণকাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বাড়ির পাশ দিয়ে নেওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে হাত লাগলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







