সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুটি দোনলা বন্দুক, একটি একনলা বন্ধুক ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে সুন্দরবনের আমতলীখাল থেকে তাদের আটক করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ কথা জানান।
কৈখালি কোস্টগার্ডের সদস্যরা জানান, সুন্দরবনের আমতলী খালে বনদস্যু সেলিম বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সেখানে অভিযান চালায়। তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এসময় কোস্টগার্ডও পাল্টা গুলি চালালে বনদস্যুরা পিছু হটতে বাধ্য হয়। পরে কোস্টকার্ড সেখান থেকে দুই বনদস্যুকে আটক করে। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, কোস্টগার্ডের হাতে আটক দুই বনদস্যুকে থানায় সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক ও ২১ রাউন্ড গুলি থানায় জমা দেওয়া হয়েছে।







