যশোরের চৌগাছায় মিলন (৩০) নামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মা-বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১২টার দিকে চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মিলনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব এ কথা জানান।
নিহতরা হলেন, বাবা মহিরুদ্দিন (৬৫) ও মা আয়না বেগম (৫৫)।
চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য তারিক হাসান বাবুল বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমিসহ এলাকার লোকজন মহিরুদ্দিনের বাড়িতে গিয়ে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি।’
তিনি আরও বলেন, ‘কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারছি না। ওই পরিবারের আরেক সন্তান চৌগাছার বাইরে থেকে পড়াশোনা করছে।’
স্থানীয়রা জানায়, মিলন একজন মাদকসেবী। মাদকের টাকা না পেয়ে মিলন তার বাবা-মাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মাদকের টাকার জন্য সে প্রায়ই তার বাবা-মাকে মারধর করতো। পাঁচ বছর আগে মিলন মাদকের জন্য খায়রুল নামে স্থানীয় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে। সেই মামলায় সে জেলও খেটেছে। ঘটনার পর মিলন পালিয়ে গেলেও দুপুর ১টার দিকে পাশের রাজাপুর এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে ধরে নিয়ে আসে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, সকালে বাবা-মায়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মিলন তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মহিরুদ্দিন ও আয়না বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। কী কারণে মিলন তার বাবা-মাকে হত্যা করেছে তা প্রতিবেশীরা বলতে পারেননি।
ওসি আরও বলেন, ‘ঘটনার পর পর মিলন পালিয়ে গেলেও স্থানীয়রা পাশের রাজাপুরের বড়বাড়ি এলাকা থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।’






