পানিপথে মালয়েশিয়া: ৭ বছরেও খোঁজ মেলেনি চৌগাছার ৭ যুবকের

তৌহিদ জামান, যশোর
১৪ জানুয়ারি ২০২০, ১৬:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৬:৪৬

 

যশোরের চৌগাছার মুক্তদাহ গ্রামের একই পরিবারের অমিত, আজিজুর, ফুলজার, শরিফুল, শফিকুল। সবার শেষে দালাল ফজলুর রহমান রাজু।

যশোরের চৌগাছায় দালালের খপ্পরে পড়ে প্রায় সাতবছর ধরে নিখোঁজ একই পরিবারের চারজনসহ ৭ যুবক। মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেননি। পরিবারের সদস্যদের সঙ্গেও কোনওদিন যোগাযোগ করেননি তারা।

ঘটনার প্রায় সাত বছর পর রবিবার (১২ জানুয়ারি) রাতে এক দালালকে চৌগাছা শহর থেকে ধরে পুলিশে দিয়েছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। নিখোঁজ অমিত হাসান মুকুলের বাবা আতিয়ার রহমান রবিবার রাতেই চৌগাছা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন। পুলিশ এ মামলায় পরিবারের লোকদের হাতে পাকড়াও দালাল ফজলুর রহমান রাজুকে (৪৮) আটক করেছে।

চৌগাছা থানায় ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের আতিয়ার রহমানের ছেলে অমিত হাসান মুকুল (৩০), অমিত হাসান মুকুলের চাচাতো ভাই আজিজুর রহমান (৪০), ছোটচাচা ফুলজার হোসেন (৪৬), জ্ঞাতি চাচা শরিফুল ইসলাম খোকন (৪০) এবং একই গ্রামের মৃত আত্তাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৭), রোস্তমপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রমজান আলী (৪৫) ও ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাটি গ্রামের উসমান আলীর ছেলে লিটন হোসেন (২৭) ২০১৩ সালের ১ জুন মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। গত সাত বছরে তাদের কোনও খোঁজ-খবর পাওয়া যায়নি। এদের মধ্যে প্রথম ৫ জনের নিখোঁজের ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে।

নিখোঁজ অমিত হাসান মুকুলের চাচাতো ভাই আনোয়ার হোসেন মিলন বলেন, জনপ্রতি ৩ লাখ টাকায় মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে দরিদ্র পরিবারের এসব ব্যক্তিরা মানব পাচারকারীদের খপ্পড়ে পড়েন। মুক্তদাহ গ্রামে বসবাসকারী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে ফজলুর রহমান রাজু তাদের পানিপথে মালায়েশিয়ায় পাঠানোর পর থেকে আজও তারা নিখোঁজ। ২০১৩ সালের ১ জুন বাড়ি থেকে একযোগে বের হন তারা। ১২ জুন অমিত হাসান মুকুল বাড়িতে ফোন করে বলেন, ‘আমরা সবাই পানিপথে মালয়েশিয়া যাচ্ছি। ট্রলারে উঠেছি, এখনই রওনা দেব।’ ওই কথাই ছিল পরিবারের সঙ্গে তাদের শেষ কথা।

মুকুলের স্ত্রী চামেলী খাতুন সাংবাদিকদের বলেন, ‘ও যে নাম্বার থেকে ফোন দিয়েছিল, পরে তা বন্ধ পেয়েছি। বারবার চেষ্টা করেও ফোনে কাউকে পাওয়া যায়নি। এরপর সাতটি বছর কেটে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।’ তারা জানান, নিখোঁজের তিনমাস পর তারা আদম ব্যাপারি রাজুর কাছে যান। স্বজনদের ফেরত পেতে চাপ দিতে থাকেন। এ সময় রাজু তার সহযোগী চট্টগ্রামের টেকনাফের রাশেদুল ইসলামের সঙ্গে তাদের কথা বলিয়ে দেন। রাশিদুল তাদের আশ্বস্ত করেন- কোনও সমস্যা নেই, তারা দুই-একদিনের মধ্যেই মালয়েশিয়ায় পৌঁছে যাবেন। এর কিছুদিন পর দালাল রাজু তার স্ত্রীকে তালাক দিয়ে রাতের আঁধারে আত্মগোপনে চলে যান। পরে দুই দালালের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

এরপর রাজু একই উপজেলার মাধবপুর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে রনি বেগমকে বিয়ে করেন। সেখানে যাতায়াত করলেও নিখোঁজদের পরিবারগুলো তা জানতেন না। দীর্ঘ প্রায় ৭ বছর পর রবিবার রাতে রাজুকে চৌগাছা বাজারে দেখতে পেয়ে ওই পরিবারের সদস্যরা ধরে তাকে মুক্তদাহ গ্রামে নিয়ে যান। পরে তাকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়।

চৌগাছা থানার ওসি (তদন্ত) এবং এই মামলার তদন্ত অফিসার এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ৫ জনের নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। আটক দালাল রাজুকে মানবপাচার প্রতিরোধ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। আমরা তার রিমান্ড চাইবো।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের