ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে ছাগলে ক্ষেতের লালিম গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সবুজ মিয়া (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া মুরারীদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খেয়ে ফেলে একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সঙ্গে সঙ্গে গ্রাম্য সালিশে এর মীমাংসাও করা হয়।
ওসি আরও জানান, বিকালে সবুজ মিয়া ও তার চাচাতো ভাই রানা মাঠে কাজ করতে যান। এ সময় মজিদসহ কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে আসেন। তখন তাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা সবুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।







