সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চার ঘণ্টার ব্যবধানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এক নারী এবং উপসর্গ নিয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে তারা মারা যান। হাসপাতালটিতে এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে ২০৪ জন মারা গেলেন।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর নাম তারঙ্গীনি (৪৮)। তিনি সদর উপজেলার গোয়ালপোঁতা গ্রামের বাসিন্দা। করোনায় মারা যাওয়া নারীর নাম ফজিলা খাতুন (৬০)। তিনি তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মানস কুমার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তারঙ্গীনি হাসপাতালে ভর্তি হন ২ সেপ্টেম্বর। ওই দিনই তাকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা শুরু করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার করোনা আছে কি না, তা পরীক্ষার জন্য নমুনা নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। তবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
মানস কুমার আরও জানান, ফজিলা খাতুন কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার নমুনা নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখান থেকে পাঠানো প্রতিবেদনে তার করোনা পজিটিভ উল্লেখ করা হয়। হঠাৎ তার অবস্থার অবনতি হলে শনিবার তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, ওই দুই নারীর লাশ স্বাস্থ্যবিধি মেনে স্বজনদের দাফন করার জন্য বলা হয়েছে।







