খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শেখ নুরুল হকের ছেলে মনিরুল ইসলাম ও তার বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ গোলদার ও তার পরিবার। তার পৈতৃক সম্পত্তির বসতবাড়ি জবরদখলের চেষ্টায় সোমবার বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ গোলদার। তিনি এই বাহিনীর হাত থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজ গোলদার বলেন, তিনি ১৯ দশমিক ৭৫ শতক সম্পত্তির বসতবাড়িতে দীর্ঘ ৭০ বছর পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু বাড়ির পাশের ১/১নং খাস খতিয়ানের কিছু জমির পাওয়ার অব অ্যার্টানি নিয়ে বেআইনিভাবে তার বসতবাড়িটি জবরদখলের চেষ্টা করছেন এমপি পুত্র।
তিনি আরও বলেন, গত ৩ জানুয়ারি পাইকগাছা দেওয়ানি আদালতে এ ঘটনায় মামলা দায়ের করেন তিনি। এতে আরও ক্ষিপ্ত হয়ে পরদিন সোমবার দুপুর দেড়টার দিকে এমপি শেখ নুরুল হকের নির্দেশে তার বাহিনী বসত ঘরের আংশিক, রান্না ঘর, গোয়াল ঘর ও মুরগি পালনের ঘরগুলোতে ব্যাপক লুটপাট চালায়।
/আরএ/এমআর/







